ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাকান্দা গ্রামে আজ শনিবার সকালে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজরাকান্দা গ্রামে বর্তমান ইউপি সদস্য জুলহাস মাতুব্বরের সঙ্গে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ সকাল সাতটার দিকে একটি জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সমর্থক আবদুর রশিদ ও রতন খানের বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ভাঙ্গা থানার পুলিশ কনস্টেবল নুরুজ্জামান রয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ শটগানের তিনটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।