ফরিদপুরে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একজন কৃষক ও এক খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বিল নালিয়া এলাকার একটি ধানখেত থেকে কৃষকের ও পাশের গেরদা ইউনিয়নের বউঘাটা এলাকায় কুমার নদ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ উপজেলার পশ্চিম বিল নালিয়া গ্রামের কৃষক হালিম মোল্লার (৬৫) লাশ বাড়ির পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়। পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পাঁচ বছর ধরে তিনি কথা বলতে পারতেন না।

নিহত হালিম মোল্লার ছেলে রাজীব মোল্লার তথ্যমতে, গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি তিনি। আজ সকালে বাড়ির পেছনে একটি ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তাঁর গলা রশি দিয়ে প্যাঁচানো ছিল।

অপর লাশ ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার হায়দার মোল্লার (৬০)। তিনি শহরের শরীয়তুল্লাহ বাজারসংলগ্ন পুরোনো ট্রাক স্ট্যান্ডে একটি খুচরা যন্ত্রাংশের দোকানের মালিক। সকালে এলাকাবাসী বউঘাটা সেতুর পাশে কুমার নদে গলিত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

হায়দার মোল্লার ভাই কাইউম মোল্লা জানান, ১৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন হায়দার। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় দুটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।