ফরিদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন দক্ষিণ শোভারামপুর এলাকার কাশেম খানের ছেলে তারিক খান (৩০) ও ওই একই মহল্লার মৃত রুস্তম শেখের ছেলে রিপন শেখ (২৮)। তারিক বিবাহিত এবং এক ছেলের বাবা। এ ঘটনায় তারিকের ভাই শরিফ খান (২৮) আহত হন। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয় পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তারিক, রিপন ও শরিফ রোববার সন্ধ্যা সাতটার দিকে অম্বিকাপুর রেল সেতু পার হয়ে উত্তর শোভারামপুর এলাকার দিকে এগোনোর সময় সন্ত্রাসী হামলার শিকার হন। অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে তিনজনকেই উপর্যুপরি কুপিয়ে আহত করে। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিক ও রিপনকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, তারেক ও রিপনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান ।
ওই এলাকার ছয়জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সম্প্রতি তারিক এক যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল কেনেন কিন্তু টাকা পরিশোধ করেননি। পরে তিনি জানতে পারেন সেটি একটি চোরাই মোটরসাইকেল। এ কথা শোনার পর তারিক ওই মোটরসাইকেলটি অন্যত্র বিক্রি করে দিলেও মূল বিক্রেতার টাকা পরিশোধ করেননি। এ কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে একটি চোরাই মোটরসাইকেল কেনা এবং টাকা পরিশোধ না করা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে ওই এলাকায় বালু তোলা নিয়ে এলাকার একটি অংশের সঙ্গে বিরোধ ছিল তারিকের। তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মৃতদেহ দুটি ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শক করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে।’