ফরিদপুরে দুই সাংসদের গাড়ি বহরে হামলা, আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার পেয়ারপুরে গতকাল শনিবার দুই সাংসদের গাড়িবহরে হামলা হয়েছে। রাস্তার পাশে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাকের সামান্য ধাক্কার জের ধরে হামলার সূত্রপাত। পাল্টাপাল্টি হামলায় গাড়িবহরের ১৩ জন আহত হন। ভাঙচুর করা হয় মোট পাঁচটি গাড়ি। প্রায় আধা ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। অবশ্য দুই সাংসদ নিরাপদেই গন্তব্যে পৌঁছান।
গাড়িবহরে থাকা একাধিক ব্যক্তির ভাষ্যমতে, রাজবাড়ী-১ আসনের সরকারদলীয় সাংসদ কাজী কেরামত আলী ও সংরক্ষিত আসনের নারী সাংসদ কামরুন নাহার চৌধুরী গাড়িবহর নিয়ে রাজবাড়ী থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যাচ্ছিলেন। তাঁদের বহরে বাস-মাইক্রোবাসসহ অন্তত ২৪টি গাড়ি ছিল। সকাল পৌনে ১০টার দিকে গাড়িবহরটি ঢাকা-বরিশাল মহাসড়কে পেয়ারপুরে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সামান্য ধাক্কা লাগে। গাড়িবহরের কারণেই এই ধাক্কা লেগেছে অভিযোগ তুলে ট্রাক ও পিকআপের চালক এবং আশপাশের লোকজন গাড়িবহরে হামলা চালান। এ সময় বহরের লোকজনও বাস থেকে নেমে ট্রাকে হামলা চালান। পাল্টাপাল্টি হামলায় বহরের অন্তত ১৩ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এবং র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, আহত ১৩ জনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নুরু প্রামাণিক নামের একজনকে ভর্তি করা হয়। ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গাড়িবহরে ছিলেন রাজবাড়ীর কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও গোয়ালন্দ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেওয়া হয়। পথে তাঁরা হামলার শিকার হন।
তবে পরে সাংসদদের গাড়িবহর বেলা সোয়া দুইটার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছায়। দুই সাংসদ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন। কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, গোয়ালন্দ উপজেলা পরিষদ ও গোয়ালন্দ পৌরসভার পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সাংসদ কাজী কেরামত আলী বলেন, ‘একটি মহৎ কাজে অংশ নিতে গিয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে আমার গাড়িবহরে হামলা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন নতুন একটি বাস বহরে যুক্ত করায় আমাদের পক্ষে বহর নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করা সম্ভব হয়।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।