ফরিদপুরে দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গত শনিবার দিবাগত রাতে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ফরিদপুর সদরের কৈজুরি ও কৃষ্ণনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের কালিতলা এলাকায় নকুল সরকারকে (৪৪) কুপিয়ে হত্যা করা হয়। নকুল সরকারের ভাই নির্মল সরকার জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন যুবক ঘরে ঢুকে কুপিয়ে নকুলকে হত্যা করে। তাঁর স্ত্রী রিক্তা বাধা দিলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই নকুল নিহত হন। রিক্তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই নাসির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কৈজুরির বেতবাড়িয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মালেক শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে তিন-চারজন যুবক ধারালো অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে মালেক শেখের ঘরে ঢোকে। এরপর তারা তাঁকে কোপাতে থাকে। মালেক শেখের স্ত্রী বিলিয়া বেগম ও ছেলে মাদ্রাসাছাত্র ছাকিম শেখ (১৮) বাধা দিলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয়। মালেক শেখ ঘটনাস্থলেই নিহত হন। বিলিয়া ও ছাকিম শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।