ফরিদপুরে দু'পক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত
ফরিদপুরের সালথা উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে হাছেন সরদার (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আজ বিকেলে ফরিদপুর-ময়েনদিয়া সড়কের রংরায়েরকান্দী এলাকায় একটি বাস থেকে নামতে গিয়ে এক যাত্রী আহত হন। তখন ভ্যানচালক হাছেন সরদারসহ স্থানীয় লোকজন ওই বাসটিকে আটক করার চেষ্টা করেন। তখন বাসচালকের পক্ষ নিয়ে কয়েকজন হাছেনদের ওপর হামলা চালান। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের একপর্যায়ে হাছেনকে ব্যাপক মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু হয়। হাছেন সরদার সালথার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামের বাসিন্দা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত বলেন, পরিস্থিতি এখন শান্ত। হাছেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।