ফরিদপুরে নারী খুন, ছেলের নামে মামলা
ফরিদপুরে ফাতেমা পারভীন (৫২) নামের এক নারী গত বুধবার রাতে খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলেকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত ফাতেমা পারভীনের বাড়ি বাগেরহাটে। তাঁর স্বামী নজরুল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা। চাকরি সূত্রে তাঁরা ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলীর ভাড়াবাড়িতে থাকেন।
নিহত ফাতেমার স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নজরুল-ফাতেমা দম্পতির তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তৃতীয় সন্তান আবদুস হাদী (২২) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি মানসিকভাবে অসুস্থ। মা ফাতেমা পারভীন হাদীকে নিয়ে বুধবার বিকেলে শহরের সুপার মার্কেট এলাকায় এক চিকিৎসকের চেম্বারের উদ্দেশে বের হন। হাদী ওই সুপার মার্কেটের পেছনে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার আগে তিনি ওই মার্কেটের এক ওষুধ বিক্রেতাকে বলে যান, এক বৃদ্ধা পাশের গলিতে আহত হয়ে পড়ে আছেন।
এলাকাবাসী ফাতেমাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফাতেমাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে বুধবার রাতে তিনি মারা যান। লাশের ময়নাতদন্ত গতকাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, নিহত ফাতেমার স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে গতকাল দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে ছেলে হাদীকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।