ফরিদপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চারাইদাহ গ্রামে নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে রাবেয়া নামের চার মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গা থানার পুলিশ খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে। নিহত রাবেয়া ওই গ্রামের রিয়াজ শেখের মেয়ে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত রোববার সন্ধ্যায় শিশুটিকে ঘরে রেখে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। ফিরে এসে শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি তখন। নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পুকুরে শিশু রাবেয়ার লাশ ভেসে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।