ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

ফরিদপুরের সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নে ধলার মোড়ে পদ্মা নদীর তীরের বালু কেটে নেওয়া হচ্ছে। নদী থেকেও তোলা হচ্ছে বালু। এক মাস ধরে অবৈধ ওই কাজ চলছে বলে জানা গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ধলার মোড়ে পদ্মা নদীর তীর সংরক্ষণকাজের আনুমানিক ১০০ গজের মধ্যে তিনটি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে বালু কেটে ট্রাকে ভর্তি করা হচ্ছে। এর পাশাপাশি নদীর মধ্যে একটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তুলে ট্রলারে তীরে রাখা হচ্ছে, যা পরে ট্রাকে করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এক মাস ধরে নদীর তীর ও নদী থেকে এই বালু সংগ্রহ করা হচ্ছে। আর এক সপ্তাহ ধরে শুরু হয়েছে নদীর মধ্যে ড্রেজার বসিয়ে মাটি কেটে নেওয়ার কাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, বালু ব্যবসায়ী মিন্টু ফকির ও আইউব মোল্লা তাঁদের লোকজন নিয়ে তীরের বালু কাটছেন। এতে সহযোগিতা করছেন ড্রেজারমালিক টেপাখোলা এলাকার বাচ্চু ব্যাপারী ও খননযন্ত্রের মালিক ডিক্রির চর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ ফকির।
অভিযোগের ব্যাপারে জানতে মিন্টু ফকিরকে ফোন করা হলে তিনি সংযোগ কেটে দেন। অন্যদিকে অভিযোগের সত্যতা স্বীকার করে আইউব মোল্লা বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসক কেউ আমাদের বালু কাটার অনুমতি দেননি। আমরা কয়েকজন নিজেদের উদ্যোগেই তীরের বালু কাটছি। বালু এমনভাবে কাটছি, যাতে তীর সংরক্ষণ কাজের কোনো সমস্যা না হয়।’
অবৈধ এসব কাজে জড়িত থাকার কথা অস্বীকার করে ডিক্রির চর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ ফকির বলেন, ‘আমি এ কাজে জড়িত নই।’
ডিক্রির চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে পদ্মা নদীর তীর সংরক্ষণকাজ করা হয়েছে। নদীর তীর ও নদীর মধ্যে থেকে এভাবে বালু কাটা হলে কাজ ক্ষতিগ্রস্ত হবে।’
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম তালুকদার বলেন, ‘নদীর তীর বা নদীর মধ্য থেকে কাউকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি। এ তৎপরতা বন্ধে উদ্যোগ নেওয়া হবে।’
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, ‘নদীর তীর ও নদী থেকে বালু তোলার বিষয়টি আমি জানি না। দ্রুত বালু কাটা বন্ধের উদ্যোগ নেব।’