ফরিদপুরে পাটকলে আগুন, ২০ কোটি টাকার ক্ষতি
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের পার আশাপুর গ্রামে অবস্থিত রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির গুদামের একটি ইউনিটে রাখা ৬০ হাজার মেট্রিক টন পাট ও বাইরে রাখা পাট পুড়ে গেছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পাটকলটির কর্তৃপক্ষ দাবি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
২০০৮ সালে ১৫ এক জমির ওপর রাজ্জাক জুট মিল স্থাপন করা হয়। ২০১০ সাল থেকে এ মিলের পণ্য রপ্তানি শুরু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে মিলের উত্তর দিকের ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সব ইউনিটে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই ইউনিটে রাখা কাঁচা পাট ও বাইরের জুট (ডাস্ট) পুড়ে যায়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, বোয়ালমারীর একটি এবং পার্শ্ববর্তী রাজরাড়ী থেকে দুটি ইউনিটসহ মোট সার্ভিসের ছয়টি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিকেল পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখার সময় আগুন নেভানোর কাজ চলছিল।
ওই পাটকলের প্রজেক্ট ইনচার্জ আবদুর সাত্তার হোসাইন প্রথম আলোকে বলেন, আগুনে শেডসহ পাটের গুদাম ও আশপাশের সামগ্রী পুড়ে গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।
ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন বলেন, আগুন নেভাতে দমকল বাহিনীর ছয়টি ইউনিট কাজ করেছে। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।