ফরিদপুরে পিটুনিতে সন্দেহভাজন চোর নিহত
ফরিদপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় পিটুনিতে এক তরুণ নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায়।
নিহত তরুণ আলামীন মোল্লা (২২) ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর হাজি ভুমুরর্দি ব্যাপারীডাঙ্গি গ্রামের বাচ্চু মোল্লার ছেলে। আহত ব্যক্তিরা হলেন বোয়ালমারী উপজেলার গুণবহা কামার গ্রামের ওবায়দুর মোল্লা (২৫) ও ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকার আমীর মীর (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার চর ওমরাপুর গ্রামের মুকুল মণ্ডল দুপুরে তাঁর মোটরসাইকেলটি নিয়ে গ্রামের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ পড়ে বের হয়ে তিনি মোটরসাইকেলটি পাননি। এরপর দুটি মোটরসাইকেলে কয়েকজন সঙ্গী নিয়ে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক দিয়ে ফরিদপুরের দিকে রওনা হন। গজারিয়া বাজার এলাকায় তিনি তাঁর মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেলে তিনজনকে ফরিদপুরের দিকে যেতে দেখেন। তখন তাঁরা চিৎকার দিলে গজারিয়া বাজারের শাহজাহানের করাতকলের শ্রমিকেরা দুটি মোটরসাইকেলে কাঠ ছুড়ে মারলে মোটরসাইকেল দুটি রাস্তায় পড়ে যায়। তখন এলাকাবাসী ওই তিন তরুণকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ চুরি হওয়া মোটরসাইকেলসহ মুমূর্ষু অবস্থায় ওই তিন তরুণকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে আলামীন মোল্লা মারা যান।