ফরিদপুরে পৃথক ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুজন খুন
ফরিদপুরে পৃথক ঘটনায় প্রতিবেশীর হাতে এক মুক্তিযোদ্ধা এবং ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে বোয়ালমারী উপজেলায় জমি নিয়ে বিরোধে খুন হয়েছেন রাজ্জাক মৃধা (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। তিনি একজন মুক্তিযোদ্ধা। অন্যদিকে, সালথা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা।
বোয়ালমারীর ময়না ইউনিয়নের কেয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রাজ্জাক মৃধাকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী রেবেকা বেগম (৫০) নামের এক নারী। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রেবেকা বেগমকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রতিবেশী রেবেকা বেগম বিরোধপূর্ণ ওই জমিতে থাকা গাছ থেকে কাঁঠাল পাড়তে যান। এ সময় রাজ্জাক মৃধা এসে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেবেকা দা দিয়ে রাজ্জাকের গলায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। রাজ্জাককে বাঁচাতে তাঁর ভাই সাবেক সেনা সার্জেন্ট আবুল বাসার (৬০) এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে জখম করেন রেবেকা। পরে বাড়ির লোকজন আহত রাজ্জাক ও বাসারকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মোরশেদ আলী রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আবুল বাসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রাতেই রেবেকা বেগমকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির মো. সেলিম প্রথম আলোকে বলেন, রাজ্জাক মৃধা একজন মুক্তিযোদ্ধা। ময়নাতদন্ত শেষে মরদেহ পাওয়ার পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
ভাতিজার হাতে চাচা খুন
সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে গতকাল রাতে দিকে ভাতিজা পিকুল মাতব্বরের কাতরার (মাছ মারার ধারালো দেশীয় অস্ত্র বিশেষ) কোপে নিহত হয়েছেন চাচা লতিফ মাতব্বর (৪০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে ভাতিজা পিকুল চাচা লতিফ মাতব্বরের বুকে কাতরা দিয়ে দুটি কোপ দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন। তিনি জানান, ঘটনার পর থেকে ভাতিজা পিকুল মাতব্বর পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।