ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মামলা
ফরিদপুরের সদরপুরে একটি পারিবারিক কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে সদরপুর থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ভাষাণচর ইউনিয়নের মধু মণ্ডলের ডাঙ্গী গ্রামের বাবু চক্রবর্তী বাদী হয়ে মামলাটি করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, মন্দির ভাঙচুর এবং জমিজমা দখলের বিষয় নিয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় এ মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে বাবু চক্রবর্তীর বাড়ির কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটে। বাবু চক্রবর্তীর সঙ্গে একই এলাকার দুলাল চন্দ্র রায়ের ৩৮ শতাংশ জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। দুলাল রায় ওই জমির দখল নিতে এলাকার প্রভাবশালী ওসমান মোল্লা গংদের সহায়তায় গত শুক্রবার ভোরে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলে দখল নিতে যায়। ওই সময় বাবু চক্রবর্তীর পরিবারের লোকজন বাধা দিলে ওসমান ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে মন্দির ভাঙচুরের ঘটনা ঘটায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।