ফরিদপুরে ফের গ্রেপ্তার মন্ত্রীর সাবেক এপিএস সত্যজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব সত্যজিৎ মুখার্জিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে ফরিদপুরের আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে।

চাঁদাবাজি, প্রতারণা ও দুদকের মামলাসহ ২৩টি মামলার আসামি সত্যজিৎ ২১ মে সন্ধ্যায় ফরিদপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। সাত দিন পর আজ তাঁকে আবার গ্রেপ্তার করা হলো।

রোববার সকালে সত্যজিৎ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে তাঁর বিরুদ্ধে করা চাঁদাবাজির একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন। এ সময় তাঁর সঙ্গে কয়েকজন সমর্থকও ছিল। আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ দুই দফায় সত্যজিতের সাত সমর্থককে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে সত্যজিৎ আদালতের কার্যক্রম শেষ করে আদালত চত্বরসংলগ্ন আইনজীবী সমিতি ভবনে যান। ওই সময় কয়েকজন তরুণ সত্যজিৎকে লাঞ্ছিত করেন। বেলা পৌনে তিনটার দিকে কোতোয়ালি থানার পুলিশ সত্যজিৎকে থানায় নিয়ে যায়।

‘সত্যজিৎকে গ্রেপ্তার করা হয়েছে’ বলে নিশ্চিত করে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার একলাসুর রহমান প্রথম আলোকে জানান, তাঁর (সত্যজিৎ) বিরুদ্ধে টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। কে মামলা করেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি আরও এক-দেড় ঘণ্টা পর ফোন করেন। তখন জানতে পারবেন।’

সত্যজিৎ মুখার্জি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস ছিলেন। ২০১৫ সালের ১৬ এপ্রিল তৎকালীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিবের পদ থেকে সত্যজিৎকে বহিষ্কার করা হয়। এরপর তাঁকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হওয়ার পর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে মোট ২৩টি মামলা হয়। এর মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানায় ২০টি চাঁদাবাজি ও একটি প্রতারণার মামলা এবং রাজধানীর রমনা থানায় একটি চাঁদাবাজি ও অপরটি দুদকের মামলা। গত বছর ২২ আগস্ট ঢাকার নাখালপাড়া এলাকা থেকে সত্যজিৎকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাঁকে ফরিদপুরে নেওয়া হয়।