ফরিদপুরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী
ফরিদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে দুপুরে ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূরবী গোলদার ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন। পাশাপাশি মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলেকা আদায় করেন।
জেলা ব্লাস্ট ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, ‘ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের একটি বাড়িতে বাল্যবিবাহ আয়োজনের খবর আমরা জানতে পারি গত মঙ্গলবার। ওই দিনই বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। উপজেলা প্রশাসন বিয়ে বন্ধ করার নির্দেশ দিলেও সকাল থেকে ওই বাড়িতে বিয়ের আয়োজনের তোড়জোড় শুরু হয়।’
দুই প্রত্যক্ষদর্শী বলেন, বিয়ে উপলক্ষে সকাল থেকেই রান্নাবান্না শুরু হয়। ওই বাড়িতে আলোকসজ্জা করা হয়। সাউন্ডবক্সে গান বাজতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) পূরবী গোলদারের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে উপস্থিত হয়। এ সময় সেখানে অনেক লোক ছিল। বাল্যবিবাহের আয়োজন দণ্ডযোগ্য অপরাধ এবং এর কুফল সম্পর্কে শিশুটির অভিভাবকদের বোঝান পূরবী গোলদার। পরে লোকজনের উপস্থিতিতে শিশুটির বাবার কাছ থেকে মুচলেকা গ্রহণের মাধ্যমে বিয়ে বন্ধ করা হয়।