ফরিদপুরে বাসে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে যাত্রীবাহী বাসে ডাকাতি করে মালামাল নিয়ে পালানোর সময় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আনোয়ার হোসেনের (৫০) বাড়ি কুষ্টিয়ার উত্তর ভেড়ামারা উপজেলার উত্তর ভেড়ামারা মহল্লায়।
এই ঘটনায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জমান গতকাল বেলা সোয়া একটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে জানানো হয়, গত মঙ্গলবার বেনাপোল থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার বাসটি ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছ্যানখালী এলাকায় পৌঁছালে যাত্রীবেশী সাত-আটজনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে বাসের চালক ও তাঁর সহযোগীকে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে বাসটি ঘুরিয়ে আবার মধুখালীর দিকে নিয়ে যায়। তারা যাত্রীদের মালামাল ও টাকা লুট করে রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি এলাকায় নেমে যায়। পরে ডাকাত দল একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চিতার বাজার এলাকায় মাইক্রোবাসটি লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাতরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে আটক করে।
মধুখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ওই ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। ফেলে যাওয়া মাইক্রোবাস থেকে যাত্রীদের মালপত্র ও টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। আহত ব্যক্তিকে গ্রেপ্তার অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।