ফরিদপুরে বিসিকের দুই মিলে ডাকাতি
ফরিদপুর সদরের কানাইপুরে অবস্থিত বিসিক শিল্পনগরের দুটি ডালের মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ৮-১০ জনের একদল ডাকাত ট্রাক নিয়ে ওই নগরে ঢুকে শ্রমিকদের মারধর করে মিল দুটি থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি ডাল নিয়ে যায়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
১৯৮৭ সালে ফরিদপুর সদরের কানাইপুরে বিসিক শিল্পনগর স্থাপন করা হয়। এ নগরে ২৪টি ডালের মিলসহ মোট ৪২টি শিল্পকারখানা রয়েছে।
ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী জানান, ডাকাত দল একটি ট্রাক নিয়ে শিল্পনগরে প্রবেশ করে। তারা আনন্দ সাহার মালিকানাধীন জগৎবন্ধু ডাল মিলের শ্রমিকদের মারধর করে ৫৯ বস্তা মসুর ও মুগের ডাল ট্রাকে তোলে। এরপর ডাকাত দল পাশের বিকাশ সাহার মালিকানাধীন প্যারি ডাল মিলে ডাকাতি করে। সেখান থেকে তারা ৫৮ বস্তা মসুর ও মুগের ডাল ট্রাকে তুলে ফরিদপুর শহরের দিকে চলে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় দুই ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন।