ফরিদপুরে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি
ফরিদপুর শহরে মেঘনা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। আজ বুধবার রাত সোয়া আটটার দিকে শহরের প্রাণকেন্দ্র নিলটুলী এলাকার মুজিব সড়কে অবস্থিত বাংলা ইঞ্জিনিয়ারিং মার্কেটের নিচতলায় অবস্থিত মেঘনা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
মুখোশ পরা অস্ত্রধারী ডাকাতেরা দোকানের মালিক স্বপন কর্মকারের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে শোকেসের কাচ ভেঙে ভেতর থেকে প্রায় ২০০ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতি করে যাওয়ার সময় সাত-আটটি হাতবোমা ছুড়ে পাশের গলি দিয়ে আলীপুরের দিকে চলে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ সুপার মো. জামিল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেঘনা জুয়েলার্সের মালিক স্বপন কর্মকার প্রথম আলোকে জানান, রাত সোয়া আটটার দিকে মুখোশ পরা চার যুবক দোকানে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে শোকেসের ভেতর থেকে স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় দোকানের বাইরে আরও তিন-চারজন যুবক সাত-আটটি হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তিনি দাবি করেন, তাঁর দোকান থেকে ডাকাতেরা ২০০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।
মেঘনা জুয়েলার্সের ব্যবস্থাপক মনোজ কুমার কর্মকার জানান, মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত দল শোকেস ভেঙে স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি বলেন, এ সময় দোকানের কর্মচারী শুভংকর আতঙ্কিত হয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও ডাকাতদের ব্যবহৃত একটি মুখোশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।