ফরিদপুরে ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে গত বুধবার রাতে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করা হয়। এ সময় তাঁর দোকানও ভাঙচুর করা হয়।
অনুপ সাহা (৪০) নামের ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বাজারের কলা ব্যবসায়ী মতিউর রহমান বুধবার রাত আটটার দিকে অনুপের মুদি দোকানে পলিথিন কিনতে আসেন। এ সময় অনুপের সঙ্গে মতিউরের বচসা হয়। এর কিছুক্ষণ পর মতিউরের পক্ষের ৮-১০ জন লোক অনুপের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর ও দোকান ভাঙচুর করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. ওবায়দুল রহমান বলেন, অনুপ সাহার শরীরে বেশ কিছু জখমের চিহ্ন রয়েছে। তাঁকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।
অনুপ সাহা বলেন, তাঁর দোকানে লুটপাটও চালানো হয়। এ সময় তাঁর ক্যাশ বাক্স থেকে প্রায় দেড় লাখ টাকা লুট করা হয় বলে তিনি দাবি করেন।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিলাল হোসেন ফকির বলেন, এ ঘটনার প্রতিবাদে কৃষ্ণপুর বাজারের বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী গতকাল সন্ধ্যায় বলেন, হামলাকারীদের আটকের জন্য ওই রাতেই অভিযান চালানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।