ফরিদপুরে ভূমি কার্যালয়ে পেট্রল দিয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলা ভূমি কার্যালয়ের একটি কক্ষের ভেন্টিলেটর ভেঙে বোতলে করে পেট্রল দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

শহরের ঝিলটুলী মহল্লায় সদর উপজেলা ভূমি কার্যালয় অবস্থিত। ওই কার্যালয়ের নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত মো. বাদশা মিয়ার ভাষ্য, ঘটনার সময় তিনি কার্যালয়ের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি উঠে অফিসের সহকারীদের বসার কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াহিয়া খান বলেন, বোতলে পেট্রল ভর্তি করে ভেন্টিলেটর ভেঙে আমার কক্ষের পাশে অফিস সহকারীদের বসার কক্ষে তা ছুড়ে মারা হয়। এর ফলে একটি স্টিলের আলমারির ওপর রক্ষিত কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ কোনো ফাইল পোড়েনি। দুই থেকে তিনজন ঘটনাটি ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামের ভাষ্য, চোরাগোপ্তাভাবে এ ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ মিছিল বা সমাবেশের মাধ্যমে এ ঘটনা ঘটেনি। তাই নাশকতার জন্য এ ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করে বলা যায় না। ভূমি কার্যালয়ের ওপর জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে অনেকের মনে ক্ষোভ থাকতে পারে, সে কারণেও এ ঘটনা ঘটতে পারে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুলচন্দ্র দে জানান, এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।