ফরিদপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের
ফরিদপুরের ভাঙ্গায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শামীম ও রকিব নামের দুজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে আছেন ৮ জন।
ফরিদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার হাবেলি গঙ্গাধরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন শামীম মাতুব্বর (২৭) ও রকিব মাতুব্বর (১৭)। তাঁরা ওই গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামে একটি বিল আছে। ওই বিলের একটি জায়গায় মাছ ধরতে যান শামীম ও রকিব। একই জায়গায় মাছ ধরতে যান ওই গ্রামের জামাল ও আফজাল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে শামীম ও রকিবসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুই ভাইয়ের মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার শাহারিয়ার মোস্তফা দুই ভাইয়ের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ খবরের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।