ফরিদপুরে রাস্তার পাশে মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ

ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কের আলালপুরের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই ব্যক্তির নাম আজাদ খাঁ (৪৫)। তিনি ফরিদপুর পৌরসভার দক্ষিণ টেপাখোলা-হরিসভা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আজাদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক আইনে চারটি, অস্ত্র আইনে একটি ও মারামারির অভিযোগে দুটিসহ মোট সাতটি মামলা রয়েছে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, সকালে গ্রামের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত আজাদের মেয়ে জামাই আব্দুর রাজ্জাক জানান, ‘গত তিন দিন ধরে তিনি (আজাদ) নিখোঁজ ছিলেন। আজ সকালে বিভিন্ন লোকের কাছে শুনে এখানে এসে দেখি আমার শ্বশুরের লাশ পড়ে আছে।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম জানান, নিহতের মাথায় ও কানের দুই পাশে গুলির ছিদ্র রয়েছে। তাঁর কোমরে গোঁজা একটি প্যাকেটে ৯৮টি ইয়াবা পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত কয়েক দিন ধরে সারা দেশে মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহত ব্যক্তিদের বেশির ভাগ মাদক ব্যবসায়ী।