ফরিদপুরে সংঘর্ষে নিহত ১
ফরিদপুরের বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষে সালাম সিকদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
ময়না ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান নাছির মো. সেলিম জানান, ইউনিয়নের চরমুরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সদস্য আলিম বিশ্বাসের গ্রুপের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাফর বিশ্বাস গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, গতকাল শনিবার জাফর বিশ্বাস গ্রুপের সমর্থক জাহাঙ্গীর সিকদার গ্রামের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আলিম বিশ্বাসের লোকজন তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। জাহাঙ্গীরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুই প্রত্যক্ষদর্শী জানান, জাহাঙ্গীরের ওপর হামলার ঘটনার জের ধরে আজ রোববার সকাল আটটার দিকে ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে জাফর বিশ্বাসের সমর্থক ও আলিম বিশ্বাসের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে মুরাইল প্রাথমিক বিদ্যালয়ের পাশে জাফর বিশ্বাসের পক্ষের সালাম সিকদারকে প্রতিপক্ষরা সড়কি দিয়ে কোপালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক রবিউল ইসলাম (৩২), রমজান সিকদার (২৫) ও বিএনপির সমর্থক এনায়েত মোল্লাকে (২৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আওয়ামী লীগ নেতা জাফর বিশ্বাস জানান, বিএনপি নেতা আলিম বিশ্বাসের সমর্থকেরা তাঁর সমর্থক সালাম সিকদারকে কুপিয়ে হত্যা করেছে। তবে বিএনপি নেতা আলিম বিশ্বাস মুঠোফোনে বলেন, তিনি এ ঘটনার কিছুই জানেন না। সংঘর্ষের সময় তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ বিকেল চারটা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।