ফরিদপুরে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুটি সড়কের পাশ থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের নয়টি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে সদরপুর-চন্দ্রপাড়া ও ঢেউখালী-চরডোবাইল আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সদরপুর-চন্দ্রপাড়া সড়কের চন্দ্রপাড়া গ্রামের জনৈক আলাউদ্দিন সিকদার গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে সাতটি গাছ কেটে বিক্রি করে দেন। এর মধ্যে পাঁচটি মেহগনি ও দুটি রেইনট্রিগাছ রয়েছে।
অন্যদিকে ঢেউখালী-চরডোবাইল সড়কের ঢেউখালী বাজার-সংলগ্ন এলাকা থেকে একটি রেইনট্রি ও একটি চাম্বলগাছ কেটে বিক্রি করেন ওই এলাকার জালাল মৃধা।
গত শুক্রবার তিনি ওই গাছ দুটি বিক্রি করেন একই এলাকার বাসের সিকদারের কাছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২৪ বছর আগে ১৯৯১ সালে বেসরকারি সংস্থা প্রশিকা, বন বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এসব গাছ রোপণ করা হয়েছিল।
তবে আলাউদ্দিন সিকদার দাবি করেন এগুলো সরকারি গাছ নয়। তাঁর নিজের জায়গায় লাগানো গাছ। তিনি বলেন, ‘নিজের গাছ নিজে কাটছি, কার কী বলার আছে?’
এ বিষয়ে জানতে জালাল মৃধার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ঢেউখালী ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা মৃধা বলেন, গাছ কেটে নেওয়ার সময় তিনি জালাল মৃধার কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলেন। জালাল মৃধা জানান, রাস্তার পাশে হলেও গাছ দুটি নাকি তাঁদের জমিতে তাঁরাই রোপণ করেছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদরপুরের উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামউদ্দিন বলেন, ‘দুটি সড়কের পাশ থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে এ বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি জেনে এ ব্যাপারে উদ্যোগ নেব।’
সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান প্রথম আলোকে জানান, গাছ কাটার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।