ফরিদপুরে সাংবাদিক পেটালেন ছাত্রলীগ নেতা
ফরিদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি তন্ময়-উদ-দৌলা (২২) আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত এক সাংবাদিককে কিল-ঘুষি ও রড দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় ঐশী স্টুডিওর সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই সাংবাদিক মুজাহিদুল ইসলাম ওরফে নাঈমকে (১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুজাহিদুল সংবাদভিত্তিক অনলাইন ঢাকা টাইমস২৪.কম আলফাডাঙ্গা, বোয়ালমারী ও কাশিয়ানী প্রতিনিধি এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহদপ্তর সম্পাদক। ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তন্ময়-উদ-দৌলা আলফাডাঙ্গা উপজেলার সদরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মুজাহিদুল ইসলাম উপজেলা সদরের কলেজ রোডে ঐশী স্টুডিওতে বসে ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা তন্ময় মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। তন্ময় স্টুডিওতে ঢুকে ‘আমার দেড় হাজার টাকা ফেরত দিবি কবে’—এ কথা বলে মুজাহিদুলের কলার চেপে তাঁকে স্টুডিওর বাইরে নিয়ে আসেন। এরপর মুজাহিদুলকে ঘুষি, চড়-থাপ্পড় মারতে শুরু করেন। একপর্যায়ে একটি রড দিয়ে পিটিয়ে আহত করেন। পরে এলাকাবাসী আহত মুজাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুমন রায় জানান, মুজাহিদুলের ঘাড়ে ও মাজায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
মুজাহিদুল ইসলাম বলেন, ‘তন্ময় আমার কাছে কোনো টাকা পাবে না। সে অতর্কিতে স্টুডিওতে এসে আমার ওপর চড়াও হয়ে আমাকে কিল, ঘুষি মারেন ও রড দিয়ে পেটান।’ মুজাহিদুল জানান, তাঁর কাছ থেকে ১৩ হাজার টাকা ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়েছে।
তন্ময় প্রথম আলোকে বলেন, ‘আমি রড উঠিয়ে ছিলাম কিন্তু সেটি দিয়ে কোনো আঘাত করিনি।’ তিনি বলেন, ‘দেড় বছর আগে আলফাডাঙ্গা পৌরসভা ঘোষণা হলে মুজাহিদুলের মাধ্যমে ফরিদপুর থেকে এক টিভি সাংবাদিক আলফাডাঙ্গায় এসে আমার সাক্ষাৎকার নেন। এ বাবদ আমার কাছ থেকে দেড় হাজার টাকা মুজাহিদ নেন। পরে সেই প্রতিবেদনটি ওই টিভি চ্যানেলে প্রচারিত হলেও সেখানে আমার সাক্ষাৎকার প্রচার করা হয়নি। এরপর থেকে আমি মুজাহিদুলের কাছে ওই দেড় হাজার টাকা ফেরত চেয়ে আসছিলাম।’
ওসি মো. নাজমুল করিম বলেন, মুজাহিদুল ইসলাম ও তন্ময়-উদ-দৌলার মধ্যে আর্থিক লেনদেনের সমস্যার কারণে তন্ময় বুধবার দুপুরে মুজাহিদুলকে কিল-ঘুষি মেরেছেন। এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।