পৌর নির্বাচনে সাংসদের কৌশলী প্রচারণা!

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) আসনের সাংসদ আবদুর রহমান জেলার বোয়ালমারী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কৌশলে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তিনি গতকাল সোমবার বিকেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে সভা করেন।
জানতে চাইলে সাংসদ বলেন, ‘সেখানে শিক্ষকদের দাবিদাওয়া-সম্পর্কিত পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল তাই গিয়েছিলাম। তারা কাকে, কখন, কীভাবে দাওয়াত দিয়েছে তা জানি না। এ ছাড়া আমার তো কোথাও চলাফেরা বা অনুষ্ঠানে যাওয়া নিষেধ নেই।’
স্থানীয় অনেকে বলেন, বোয়ালমারী পৌর সীমানার মাত্র ২০০ গজ দূরে ময়না ইউনিয়নের ঠাকুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংসদ আবদুর রহমান উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকদের নিয়ে অনির্ধারিত এক সভা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাংসদ আবদুর রহমান। সভায় উপস্থিত অধিকাংশ শিক্ষকই নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
বিদ্যালয়ে সভা সম্পর্কে বোয়ালমারী জজ একাডেমীর প্রধান শিক্ষক সৈয়দ নুরুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ করে সাংসদের পক্ষ থেকে ফোন দিয়ে ওই বিদ্যালয়ে যেতে বলা হয়। সেখানে স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, সাংসদ রোববার রাত আটটার দিকে সদরের একটি ক্লিনিকে স্থানীয় লোকজনের সঙ্গে নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করেন। ডাকবাংলোয় বসে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেন। বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল হোসেন বলেন, সাংসদ সোমবার (গতকাল) বিকেলে বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে এ পৌরসভায় দলের মনোনীত প্রার্থী শাহজাহান মীরদাহর পক্ষে ভোট প্রার্থনা করেন।
পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও বিদ্রোহী প্রার্থী মোজাফ্ফর হোসেন বলেন, ‘স্থানীয় সাংসদ দলীয় প্রার্থীর পক্ষেÿসভা ও বৈঠক করে ভোট চাইছেন বলে শুনছি।’
সাংসদ আবদুর রহমান মুঠোফোনে বলেন, ‘নির্বাচন কমিশনের বিধিনিষেধ ও নির্দেশনা ফলো করেই চলছি। কোথাও ভোট চাইনি। আচরণবিধি ভঙ্গ করিনি।’