ফরিদপুরে সাংসদের গাড়িবহরে হামলা, আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাওয়ার পথে ফরিদপুরে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও সংরক্ষিত নারী সাংসদ কামরুন্নাহার চৌধুরীর গাড়িবহরে হামলা হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুরে এ ঘটনা ঘটে।

বহরে থাকা দুটি বাস ভাঙচুর করা হয়। এতে ১৩ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

সাংসদের গাড়িবহরে থাকা একাধিক যাত্রীর ভাষ্য, বহরে দুই সাংসদের গাড়ি ছাড়াও আটটি মাইক্রোবাস ও আটটি বাস ছিল। পেয়ারপুরে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে বহরের একটি বাসের হালকা সংঘর্ষ হলে স্থানীয় লোকজন গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রথম আলোকে জানান, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা একটি শুভ কাজে যাচ্ছিলাম। ফরিদপুর প্রশাসন তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়ায় ও বহরের জন্য নতুন বাস যুক্ত করায় আমরা নির্বিঘ্নে ওই স্থান ত্যাগ করতে পেরেছি।’

তথ্যের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।