ফরিদপুরে স্কুলছাত্র অপহরণের সময় দুজন গ্রেপ্তার
ফরিদপুরে এক স্কুলছাত্রকে অপহরণ করে পালানোর সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের সাব্বির মোল্লা (২০) ও গেরদা ইউনিয়নের নিখুরদী গ্রামের সাগর চোকদার (২১)। অপহরণের শিকার মো. জুবায়ের শেখ (১০) নিখুরদী গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
মামলার এজাহার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে নগরকান্দা উপজেলার সীমানা থেকে কৈজুরির বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জুবায়েরকে অপহরণ করা হয়। সন্ধ্যায় গোট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় জুবায়ের চিৎকার দিলে এলাকাবাসী দুই অপহরণকারীকে আটক করে এবং জুবায়েরকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, অপহরণকারীরা সালথা থানা এলাকায় আটক হলেও অপহরণের ঘটনা ঘটেছে পাশের নগরকান্দা থানায়। এ জন্য নগরকান্দা থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
নগরকান্দা থানার ওসি মো. আফসারউদ্দিন বলেন, এ ব্যাপারে অপহৃত জুবায়েরের চাচা ফরহাদ শেখ অপহরণ মামলা করেছেন। গতকাল দুই অপহরণকারীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সাব্বির জানান, তাঁকে বিদেশে পাঠানোর কথা বলে জুবায়েরের বাবা দেলোয়ার শেখ ৬০ হাজার টাকা নিয়েছিলেন। তিনি টাকা দিচ্ছেন না বলে জুবায়েরকে অপহরণ করেছিলেন।