ফরিদপুরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
ফরিদপুরে জাকারিয়া শেখ ওরফে হৃদয় (১৬) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরতলির বায়তুল আমান এলাকার রেলসেতুর কাছে এ ঘটনা ঘটে।
জাকারিয়া শেখ বায়তুল আমান টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। সে দক্ষিণ কমলাপুর এলাকার মানিক শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী বলেন, বুধবার বিকেলে ফরিদপুর শহরের দক্ষিণ কমলাপুর এলাকার জাকারিয়া ও নাহিদ (১৬) বায়তুল আমান এলাকার রেললাইনের ৭ নম্বর সেতুর নিচে বসে ছিল। এ সময় পাঁচ-ছয়জন তরুণ এসে তাদের পেটায়। এতে জাকারিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নাহিদ আহত হয়। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নাহিদ বলে, ‘স্থানীয় পাট্টাদারকান্দি এলাকার জুয়েল, আলাউদ্দিনসহ পাঁচ-ছয়জন তরুণ এসে জাকারিয়াকে বলে, “তুই আলাউদ্দিনের ভাগনিকে উত্ত্যক্ত করিস”। এরপর তারা রড ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আমাদের পেটাতে থাকে। একপর্যায়ে আমি পাশের পুকুরে পড়ে যাই।’ নাহিদ বলে, তারা আলাউদ্দিনের ভাগনিকে চেনে না।