ফরিদপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে রুখসানা (১৫) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ ওই শিক্ষার্থীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়।

রুখসানা উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকবর শেখের মেয়ে। সে স্থানীয় এ সি বোস ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্রী ছিল।

ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রুখসানা বাড়িতে অসুস্থ হয়ে পড়লে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. মারনুষ বলেন, বিষক্রিয়ায় ওই কিশোরী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কিশোরীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রুখসানার মা তাহমিনা বেগম বাদী হয়ে বোয়ালমারী থানায় অপমৃত্যু মামলা করেছেন।