ফরিদপুরে স্টিল মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহস্যজনক নিহত পলাশ শেখ। ছবি: প্রথম আলো
রহস্যজনক নিহত পলাশ শেখ। ছবি: প্রথম আলো

ফরিদপুরে পলাশ শেখ (৩৩) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার গুরুতর আহত অবস্থায় ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পর গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার আগারগাঁও নিউরোলজিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পলাশ শেখ ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের মৃত বাচ্চু শেখের ছেলে। তিনি পেশায় একজন স্টিল মিস্ত্রি ছিলেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে পলাশ ফরিদপুরের উত্তর সাদীপুর এলাকায় মতিয়ার শেখের বাড়িতে ভাড়া থাকতেন।

পলাশের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন পলাশ। বেলা ১১টার দিকে মতিয়ার শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় পলাশ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। পলাশের স্ত্রী মালা বেগম হাসপাতালে গিয়ে দেখেন পলাশের মাথায় অস্ত্রোপচার করা হচ্ছিল। তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাতনামা একজন অটোরিকশাচালক মাথায় গুরুতর জখম অবস্থায় পলাশকে হাসপাতালের সামনে ফেলে রেখে দ্রুত পালিয়ে যান।

চিকিৎসকদের পরামর্শে পলাশকে সোমবারই ঢাকা নেওয়া হয়। কিন্তু পথে অবস্থার অবনতি ঘটলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ঢাকার আগারগাঁও নিউরোলজিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে রাত ১০টার দিকে পলাশের মৃত্যু হয়।

পলাশের স্ত্রী মালা বেগম বলেন, সোমবার সকালে কাজের জন্য জিনিসপত্র কেনার কথা বলে পলাশ বাড়ি থেকে বের হন। এরপর তাঁকে আহত অবস্থায় হাসপাতালে পাওয়া যায়।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক বলেন, পলাশের মাথায় হাতুড়ি বা ওই জাতীয় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া তাঁর শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম আক্তার জানান, এ ব্যাপারে পলাশের ভাই পারভেজ খান ‘এ মৃত্যুটি রহস্যজনক’ মর্মে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে পলাশের মৃতদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।