ফরিদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি
ফরিদপুরে সড়কে গাছ ফেলে বাসসহ ১১টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ফরিদপুর-চরভদ্রাসন সড়কের বাবলাতলা এলাকায় গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ মালপত্র লুট করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের পাটপাশা গ্রামের বাবলাতলা এলাকায় সোমবার রাতে সড়কে ভারী গাছ ফেলে রাখে একদল ডাকাত। রাত ১২টার দিকে সেখানে বরযাত্রী বহনকারী একটি বাস পৌঁছালে ডাকাতেরা হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে তারা বাসে ডাকাতি শুরু করে। পরে আরও চারটি মাইক্রোবাস, তিনটি মহেন্দ্র ও তিনটি ইজিবাইকের যাত্রীদের জিম্মি করে টাকা ও মালামাল লুটে নেয় ডাকাত দল।
ডাকাতের কবলে পড়া চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, ডাকাত দলে ২০ জনের মতো সদস্য ছিল। তারা যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে যানবাহনে ডাকাতি করে। যাত্রীদের দেহ তল্লাশি করে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মালামাল লুটে নেয়। ডাকাত দল ১০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুটে নিয়েছে। অনেক যাত্রী মারধরের শিকার হয়েছেন। পরে চরভদ্রাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়।
ভুক্তভোগী আরেক যাত্রী আশরাফ আলী বলেন, কোনো কিছু বোঝার আগেই অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। তাদের কাছে পিস্তল, চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র ছিল।
খবর পেয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াছ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের একটি দলও সেখানে উপস্থিত হয়।
কোতোয়ালি থানার এসআই বিপুল দে গতকাল মঙ্গলবার বিকেলে জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কেউ থানায় মামলা করেননি।