ফরিদপুরে ৪৮টি ওষুধের দোকান বন্ধ করল পুলিশ

সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজসংলগ্ন ৪৮টি ওষুধের দোকান গত শনিবার রাতে বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে দালালদের মধ্যে বেশি দামে ওষুধ বিক্রির তৎপরতা অব্যাহত রয়েছে। এসব ঘটনায় ক্রেতাদের বড় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সভায় রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী অবিলম্বে বেশি দামে ওষুধ বিক্রি বন্ধে পদক্ষেপ নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ঘটনার পর হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস ফরিদপুর পুলিশ সুপারের কাছে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত সাড়ে আটটার দিকে কোতোয়ালি থানার পুলিশের একটি দল গিয়ে হাসপাতালসংলগ্ন সব ওষুধের দোকান বন্ধ করে দেয়।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, হাসপাতালসংলগ্ন সব ওষুধের দোকান বন্ধ থাকায় রোগী ও তাদের স্বজনেরা দুর্ভোগ পোহাচ্ছেন। হাঁপানিতে আক্রান্ত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য এসেছেন সালথা উপজেলার কুমারপট্টি গ্রামের আবদুল কুদ্দুস। তিনি বলেন, ‘শনিবার রাতে ছেলেকে হাসপাতালে ভর্তি করি। সকালে ওষুধ কিনতে গিয়ে দেখি সব দোকান বন্ধ।’ রাজবাড়ীর পাংশা উপজেলার রূপীহাটি গ্রাম থেকে পা ভেঙে যাওয়ায় ছেলেকে নিয়ে এসেছেন মাসুদ বিশ্বাস। তিনি বলেন, হাসপাতালের সামনে ওষুধ না পেয়ে অনেক দূরে গিয়ে ওষুধ কিনতে হয়েছে। ফরিদপুর সদরের হাড়োকান্দি গ্রামের সুফিয়া বেগম বলেন, ‘হাসপাতাল থেকে ছেলের নাম কেটে দেওয়া হয়েছে। তবে কিছু ওষুধ লিখে দেওয়া হয়েছে। কিন্তু দোকান বন্ধ থাকায় ওষুধ কিনতে পারিনি।’
এদিকে ওষুধের দোকান বন্ধ থাকলেও গতকালও দালালদের মাধ্যমে গোপনে বেশি দামে ওষুধ বিক্রির তৎপরতা অব্যাহত ছিল। মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট খোয়াজপুরের সাগর খান বলেন, ‘হাসপাতালসংলগ্ন প্রভাতী মেডিসিন কর্নারে গিয়ে দালালের মাধ্যমে একটি ক্যানোলা কিনেছি। এটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হলেও আমার কাছ থেকে ৭০ টাকা নেওয়া হয়েছে।’
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ফরিদপুর মেডিকেল হাসপাতাল শাখার আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছু অসাধু ব্যবসায়ী আছি, যারা রোগীদের কাছ থেকে বেশি দাম নিই, আবার খারাপ ব্যবহার করি। এ ছাড়া ভাঙ্গার দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ জেলা প্রশাসনের দেওয়ার কথা। কিন্তু যেসব দোকানদার ওষুধ সরবরাহ করেছেন, তাঁরা প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ বেশি দাবি করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, ‘মন্ত্রীর নির্দেশে আমরা “আর বেশি দামে ওষুধ বিক্রি করব না” মর্মে মুচলেকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
অ্যাসোসিয়েশনের ফরিদপুর শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন বলেন, কিছু দোকানদার অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড, প্রতারণা, দালালের মাধ্যমে ওষুধ বিক্রি, ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অপকর্ম করে আসছিলেন। মন্ত্রী গত ডিসেম্বরে পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে সতর্ক করেছিলেন। কিন্তু মন্ত্রীর নির্দেশ না মানায় তিনি বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস বলেন, ওষুধের দোকান বন্ধ করে দেওয়ায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাময়িক সমস্যা হলেও বৃহত্তর স্বার্থে কঠোর এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
এর আগে শুক্রবার হাসপাতালসংলগ্ন একটি ওষুধের দোকানের মালিক ও অন্য একটি দোকানের কর্মচারীকে বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।