ফরিদপুরে ৬০ লাখ টাকার পলিথিন উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধ পলিথিন মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন ভাঙ্গা বাজারের ব্যবসায়ী মাসুম ভূঁইয়া ও সঞ্জীব কর্মকার। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ রোববার দুপুরে নির্বাহী হাকিম ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার এ জরিমানা করেন।
র্যাব-৮ (মাদারীপুর অঞ্চল) জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভাঙ্গা বাজারে এই দুই ব্যবসায়ীর দোকান থেকে ৬০ লাখ টাকার পলিথিন উদ্ধার করে এবং ব্যবসায়ী দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
র্যাব-৮-এর উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মাসুম ভূঁইয়ার দোকান থেকে ১৫ হাজার ৩০০ কেজি ও সঞ্জীব কর্মকারের দোকান থেকে ১৪ হাজার ২০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এর বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। দুপুরে ভাঙ্গা বিশ্বরোড মোড় বালুর মাঠে এ পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।