ফরিদপুরে ৮০টি প্রতিমা ভাঙচুর

ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের পালপাড়া গ্রামে ৮০টি সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।
তাঁরা আরও জানান, পালপাড়ায় ১০টি কুমার পরিবার রয়েছে। এর মধ্যে সাতটি পরিবার সরস্বতী প্রতিমা নির্মাণ করে। পালপাড়া গ্রামের সুকুমার চন্দ্র পাল ও তাঁর ভাই প্রদীপ চন্দ্র পাল পূজা উপলক্ষে বিভিন্ন আকারের ১৬০টি প্রতিমা বানিয়ে শুকানোর জন্য বাড়ির পাশের মাঠে রাখেন। গতকাল মঙ্গলবার সকালে গ্রামের এক নারী সেখানে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।
সুকুমার পাল বলেন, প্রতিমাগুলোর মধ্যে ২০টি বিভিন্ন ক্লাব ও স্কুলের পূজার জন্য নির্মাণ করা হয়েছিল।
মো. আজিজুল হক নামের এক ব্যক্তি বলেন, প্রায় শত বছর ধরে এই এলাকার পাল সম্প্রদায়ের লোকজন প্রতিমা নির্মাণ করে আসছেন। এ-জাতীয় ঘটনা আগে কখনো ঘটেনি।
গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ও ইউএনও জহিরুল ইসলাম।
খন্দকার মোহতেশাম হোসেন বলেন, বর্তমানে যারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, এটা তাদেরই কাজ হতে পারে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন।
ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।