ফরিদপুরে 'অপহৃত ব্যবসায়ীর' নয়টি হাড় উদ্ধার
ফরিদপুরের সদরপুর উপজেলার আড়াইরশি বিল থেকে এক ব্যক্তির নয়টি হাড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো পাঁচ মাস আগে অপহৃত স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিন্টু ব্যাপারীর। অপহরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই ব্যক্তির তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে হাড়গুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নয়রশি গ্রামের মিজানুরকে গত ২৪ জুন রাত ১০টার দিকে অপহরণ করা হয়। তিনি স্থানীয় একটি বাজারে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করতেন। তাঁর মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে গত শনিবার রাতে একই উপজেলার আটরশি এলাকা থেকে আড়াইরশি গ্রামের আমিনুল ইসলাম ও সাকিব সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের সঙ্গে মিজানুরের ব্যবসায়িক ও জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, মিজানুরকে অপহরণের পর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে তাঁকে মৃত ভেবে বিলে ঘন কচুরিপানার নিচে ফেলে রেখে আসেন। তাঁদের দেওয়া এই তথ্যের ভিত্তিতে ছড়ানো-ছিটানো অবস্থায় হাড়গুলো উদ্ধার করা হয়। তবে মাথার খুলি ও অন্যান্য হাড় পাওয়া যায়নি। তবে কাদার ভেতর থেকে ফুলহাতা শার্ট, প্যান্ট ও এক জোড়া চামড়ার স্যান্ডেল উদ্ধার করা হয়। গতকাল বেলা ১১টার দিকে মিজানুরের মা শিউলি বেগম সদরপুর থানায় এসে সেগুলো তাঁর ছেলের বলে শনাক্ত করেন। বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ।
সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য হাড়গুলো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিজানুরের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।