ফরিদপুরে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম শেখ (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবার বলছে, সেলিম মধুখালীতে আচার ও লজেন্স ফেরি করে বিক্রি করতেন। তাঁকে গ্রেপ্তারের পর হত্যা করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত সর্দার সেলিম শেখ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়। মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ সময় আহত হন। সেলিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শাটারগান, একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, গোলাগুলির সময় এসআই সাইফুল এগিয়ে গেলে ডাকাতদের রামদার কোপে তিনি আহত হন। সাইফুলের বাঁ হাতের কবজির ওপর রামদার কোপ লাগে। তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, সেলিম শেখের বিরুদ্ধে মধুখালী থানায় পাঁচটি ডাকাতি, ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ ও একটি অপহরণ এবং মানিকগঞ্জ থানায় এক পুলিশ অপহরণসহ দেশের বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে।
ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, সেলিম কুখ্যাত ডাকাত ছিল। তবে নিহত সেলিমের বোন মোসাম্মৎ ময়না বেগম বলেন, ‘আমার ভাই ডাকাত ছিলেন না। তিনি মধুখালীতে আচার ও লজেন্স ফেরি করে বিক্রি করতেন।’ তিনি বলেন, ‘আমার ভাইয়ের তিন স্ত্রী। তিনি শুক্রবার গোপালগঞ্জে তৃতীয় স্ত্রীর বাড়িতে যান। ওই দিন বেলা ১১টার দিকে গোয়ালন্দে এলে সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতে তাঁকে ফরিদপুরে এনে হত্যা করা হয়।’
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।