ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তার হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার জয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, মোক্তার (৩৫) একটি ডাকাতদলের সর্দার ছিলেন। বাড়ি উপজেলার কোনাগ্রামে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলিসহ একটি শাটার গান ও ১০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, মোক্তারকে ‘ডাকাত’ অপবাদ দিয়ে হত্যা করেছে পুলিশ।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসীর ভাষ্য, রোববার রাত নয়টার দিকে জয়দেবপুর গ্রামের বারাশিয়া নদীর পাড়ে জাকির ফকিরের বাড়িতে একদল ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে মোক্তারসহ পাঁচজন আহত হয়। পরে পুলিশ তাদের আটক করে।
মোক্তার ছাড়া আহত অন্য ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি গ্রামের জাকির শেখ (৪০), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটপাড়া গ্রামের হারুন অর রশিদ (৪০), পাপিয়ার শেখ (২৬) ও আলফাডাঙ্গা উপজেলার চর নারায়ণদিয়া গ্রামের ইয়ারু সিকদার (৪০)। জাকির শেখের অবস্থা গুরুতর। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এলাকাবাসী জড়ো হয়ে রাত ১২টার দিকে জয়দেবপুর গ্রামের জাকির ফকিরের বাড়িতে আগুন দেয়। এতে জাকিরের তিনটি টিনের ঘর পুড়ে যায়।
পুলিশ জানায়, রাত পৌনে তিনটার দিকে মোক্তারকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য জয়দেবপুর গ্রামের একটি ইটভাটার কাছে যায় পুলিশ। সেখানে ওত পেতে থাকা ডাকাতদলের অপর সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মোক্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তবে মোক্তারের মা জাহেদা বেগম দাবি করেন, ‘আমার ছেলে মোক্তার ঢাকায় রিকশা চালাত। পাঁচ দিন আগে সে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সকালে তার মৃত্যুর খবর জানতে পারি। আমার ছেলে ডাকাত না। তাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
আলফাডাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, মোক্তারের বিরুদ্ধে আলফাডাঙ্গা, কাশিয়ানী ও মাগুরা সদর থানায় ১৫টি ডাকাতি ও দুটি হত্যা মামলা রয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গতকাল ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।