ফরিদপুরে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম শেখ (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে কেবি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

নিহত সেলিমের বাড়ি পাশের মধুখালী উপজেলার গোপালপুরে।

সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনের দাবি, সেলিম একজন ডাকাত সর্দার ছিলেন।

তবে নিহত সেলিমের বোন মোসাম্মৎ ময়না বেগম দাবি করেন, ‘আমার ভাই ডাকাত ছিল না। সে মধুখালীতে আচার ও লজেন্স ফেরি করত।’ তিনি আরও দাবি করেন, তার ভাইয়ের তিন স্ত্রী। গতকাল শুক্রবার তিনি গোপালগঞ্জে তৃতীয় স্ত্রীর বাড়িতে যান। সেখান থেকে বেলা ১১টার দিকে গোয়ালন্দে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতে তাকে ফরিদপুরে এনে হত্যা করা হয়। তিনি বলেন, ‘আমার ভাই নাকি এসআই সাইফুলকে কোপ দিয়ে আহত করেছে। আপনারা তদন্ত করে দেখেন; ও কখন কোপ দিছে।’

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীনের দাবি, নিহত সেলিম আন্তজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। তাঁর বিরুদ্ধে মধুখালী থানায় পাঁচটি ডাকাতির, ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি ধর্ষণ ও একটি অপহরণ মামলাসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের ভাষ্য, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী ও কোতোয়ালি থানার পুলিশ সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সর্দার সেলিম শেখ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। অন্য ডাকাতেরা পালিয়ে যায়। এ সময় পুলিশের মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ডাকাতের কোপে আহত হন। তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর সেলিমের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাঁর দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শাটারগান, একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসীনুল হক জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।