ফরিদপুরের জেলা প্রশাসকের মুঠোফোন নম্বর ক্লোনের অভিযোগ

ফরিদপুরের জেলা প্রশাসকের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে এক ব্যক্তির কাছে কয়েকবার ফোন করা হয়েছে। ওই ব্যক্তি জেলা প্রশাসককে বিষয়টি জানানোর পর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া তাঁর ফেসবুক আইডিতে আজ শনিবার সকালে সতর্কতামূলক একটি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে জেলা প্রশাসক বলেছেন, ‘জেলা প্রশাসক, ফরিদপুর ০১৭৪১১১৮৮৮৬ নম্বরটি ক্লোন হয়েছে। নম্বরটি থেকে ফোন করে অবৈধ আবদার করলে শুনবেন না প্লিজ।’
জেলা প্রশাসক প্রথম আলোকে জানান, সকালে এক ব্যক্তি ফোন করে জানান, এই নম্বর থেকে ওই ব্যক্তিকে একাধিকবার ফোন করা হয়েছে। তবে তাঁর কাছে কোনো টাকা চাওয়া হয়নি। জেলা প্রশাসক বলেন, ‘আমি ওই ব্যক্তিকে জানিয়েছি যে আমি ফোন করিনি।’
জেলা প্রশাসক বলেন, ‘এ ঘটনায় আমার মনে হয়েছে, আমার সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে। এর আগেও ভাঙা ও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টরের (এনডিসি) নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়েছে।’
উম্মে সালমা তানজিয়া বলেন, বিষয়টি তিনি ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খানকে মৌখিকভাবে জানিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ ব্যাপারে সবাইকে সতর্ক করে পোস্ট দিয়েছেন।
এর আগে ১১ জুন ফরিদপুর সদর ইউএনও, ৫ জুন ভাঙা উপজেলা ইউএনও এবং ১৬ মে ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করার ঘটনা ঘটেছে।
ওই তিনটি ঘটনায় ফরিদপুর ও ভাঙা থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, জেলা প্রশাসকের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করার কথা তিনি আজ সকালেই জানতে পেরেছেন। এর আগে ফরিদপুরের আরও তিন সরকারি কর্মকর্তার নম্বর ক্লোন করার ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার বলেন, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন করার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত এ চক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছে।