ফরিদপুরের নিখোঁজ গৃহবধূর লাশ গোপালগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে কুমার নদ থেকে শান্তি বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের দিকনগর গ্রামে কুমার নদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশটির পেট কাটা ছিল।
শান্তি বেগম (৩২) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আশরাফ মৃধার স্ত্রী। শান্তি বেগম মুকসুদপুরের কানুরিয়া গ্রামের মৃত আবেদ আলী শেখের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার শান্তি বেগম তাঁর মেজ বোন তসলিমা বেগমের বাড়ি মুকসুদপুরের সর্দি গ্রামে গিয়ে নিখোঁজ হন। এরপর গতকাল দুপুরে দিকনগর গ্রামের কয়েকজন কুমার নদে এক নারীর লাশ দেখে সেনদিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
এদিকে এ ঘটনার পর শান্তি বেগমের স্বামী আশরাফ মৃধা আত্মগোপনে রয়েছেন। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনদিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সালাম মিয়া জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।