বরকত–রুবেলসহ পাঁচজনের ৮৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমতিয়াজ হাসান (বাঁয়ে) ও সাজ্জাদ হোসেন
ফাইল ছবি

অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তাঁর ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৫ জনের ৮৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। ইমতিয়াজ হাসান ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল।

কাফরুল থানায় করা অর্থ পাচার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস বৃহস্পতিবার এ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, আসামি সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হোসেন রুবেল, বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভীন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম এবং আবদুল সাদেক মুকুলের নামে ও তাঁদের প্রতিষ্ঠানের নামে ৮৮টি ব্যাংক হিসাব রয়েছে বলে তদন্তকালে জানা যায়।

এই আসামিদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ না হওয়ায় মামলার তদন্ত বিঘ্ন ঘটছে। যে কারণে এই হিসাবগুলো জব্দ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পিপি তাপস কুমার পাল বলেন, সিআইডির আবেদনের শুনানি নিয়ে আদালত বরকত, রুবেলসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন।

তবে এই পাঁচজনের ব্যাংক হিসাবে কত টাকা জমা রয়েছে, সেই তথ্য আদালতে জমা দেয়নি সিআইডি।

বরকত ও রুবেলের বিরুদ্ধে সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় অর্থ পাচারের অভিযোগ মামলা করেন। মামলায় ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী–২০১৫–এর ৪ (২) ধারায় এ মামলা করা হয়।

এজাহারে বলা হয়, ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাজ্জাদ ও ইমতিয়াজ। এ ছাড়া মাদক ব্যবসা, ভূমি দখল করে অবৈধ সম্পদ করেছেন তাঁরা। এসি, নন–এসিসহ ২৩টি বাস, ড্রাম ট্রাক, বোল্ডার, পাজেরো গাড়ির মালিক হয়েছেন। টাকার উল্লেখযোগ্য অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন তাঁরা।

এজাহারে আরও বলা হয়, প্রথম জীবনে এই দুই ভাই রাজবাড়ী রাস্তার মোড়ে এক বিএনপি নেতার ফাইফরমাশ খাটতেন। তখন তাঁদের সম্পদ বলতে তেমন কিছুই ছিল না।

এজাহারে আরও বলা হয়, গত ১৮ জুন তিনি (এস এম মিরাজ) এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়ে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুই ভাই অন্তত দুই হাজার কোটি টাকার বেশি সম্পদ অবৈধ উপায়ে উপার্জন করেছেন। গত ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। সুবল সাহার বাড়ি শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

এ বছরের ৭ জুন রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ সাজ্জাদ হোসেন, তাঁর ভাই ইমতিয়াজ হাসানসহ ৯ জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন