ফরিদপুরের ভাঙ্গায় নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর ভাঙ্গা পৌরসভার আতাদী বটতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর আনুমানিক বয়স ২৫ বছর।

সকালে এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ভাঙ্গা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার জানান, ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে অন্য কোথাও হত্যা করে লাশটি মহাসড়কের পাশের জলাশয়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। কচুরিপানার ভেতর থেকে লাশটি বেরিয়ে এলে তা এলাকাবাসীর নজরে আসে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, লাশ ২৫-৩০ দিন আগের হতে পারে। এটি হত্যাকাণ্ড হিসেবে মনে হওয়ায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। লাশ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।