ফরিদপুরের মেয়র সাময়িক বরখাস্ত
ফরিদপুর পৌরসভার নির্বাচিত মেয়র শেখ মাহাতাব আলীকে তাঁর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে শেখ মাহাতাব আলীর বিরুদ্ধে আর্থিক আটটি অনিয়মের ফিরিস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
ফরিদপুর পৌরসভার ১২ জন কাউন্সিলর বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মেয়রের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন। এ-সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হলে মন্ত্রণালয় গত ১৩ অক্টোবর ১২টি অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য ফরিদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেন। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কে এম কামরুজ্জামান এ তদন্ত করেন। ১৫ নভেম্বর জেলা প্রশাসক সরদার সরাফত আলী স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক চিঠিতে জানান, শেখ মাহাতাব আলীর বিরুদ্ধে আনীত ১২টি আর্থিক অনিয়মের মধ্যে আটটি অভিযোগই প্রমাণিত হযেছে। যার মধ্যে আর্থিক অনিয়মগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য। পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনস্বার্থে মেয়র মাহাতাব আলীর বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয় প্রতিবেদনে।
শেখ মাহাতাব আলী বলেন, ‘আমাকে কেন বরখাস্ত করা হয়েছে তা আমার বোধগম্য নয়। হয়তো কাউন্সিলরদের সুযোগ-সুবিধা আমি ঠিকমতো দিতে পারিনি, এ জন্য আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। আমি এ ব্যাপারে আইনের আশ্রয় নেব।’