ফরিদপুরের সালথায় পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে পুত্রবধূ জয়নাব বেগমের লাঠির আঘাতে শাশুড়ি আলেকজান খাতুন (৭০) মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। আলেকজান খাতুন ওই গ্রামের মৃত আয়নাল শিকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে আলেকজান খাতুনের ছোট ছেলে জাফর শিকদারের স্ত্রী জয়নাব বেগম লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে আলেকজান গুরুতর আহত হন। ঘটনা গোপন রাখতে আহত আলেকজানকে ওই বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হয়। কিন্তু গতকাল সকালে তিনি মারা যান।
সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আলেকজানের বড় ছেলে জহুর শিকদার বাদী হয়ে থানায় জয়নাব বেগমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জয়নাব বেগম পলাতক রয়েছেন।