ফল জানার পর এনামুলের পরিবারে শুধুই কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজির দোকানে কারিগরের কাজ করে নিজের ও তিন ভাইবোনের লেখাপড়া আর সংসারের খরচ চালাতেন এনামুল হক (১৯)। বহু কষ্টে, শ্রমে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার ফল বেরিয়েছে। এনামুল পাস করেছেন, কিন্তু সেই ফল তিনি দেখে যেতে পারেননি। ফল জানার পর তাঁর পরিবারের সদস্যরা শুধুই কাঁদছেন।

এনামুল হকের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জলিলপুরে। গ্রামের পাশের কাঠাখালিবাজারে জুয়া খেলতে বাধা দেওয়ায় গত ১৯ জুলাই রাতে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান এনামুল।

এনামুল হক এবার সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৩.১৭ পেয়ে পাস করেছেন।

এনামুলের বাবা আবদুল মান্নান (৫৫) শ্রমিক। তাঁর দুই ছেলে ও চার মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়েছে। ছেলেদের মধ্যে এনামুল বড়। আরেক মেয়ে তামান্না আক্তার এবার এসএসসি পাস করে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছে। আরেক ছেলে জুনায়েদ হাসান জনি সপ্তম ও মেয়ে মুন্নী আক্তার তৃতীয় শ্রেণিতে পড়ে।
এনামুলের বাবা আবদুল মান্নান বলেন, ‘ছেলেটা থাকলে কত খুশি অইত। এখন এই পাস দিয়া আমরা কী করব। ছেলেটারে নির্মমভাবে পিটাইয়া মারল। থানায় মামলা করলাম, এক মাস অইল, একটা আসামিও ধরা পড়ল না। এই কষ্ট কারে বলব।’

এনামুলের চাচা আবদুন নূর বলেন, ‘এই ছেলেটারে নিয়াই পরিবারের সব আশা-ভরসা ছিল। ফল জেনে তার মা-বাবা, ভাই-বোন সবাই কেঁদেছেন। এত কষ্ট করে সে লেখাপড়া করল, পরীক্ষা দিল, কিন্তু ফল দেখে যেতে পারল না।’
এনামুলের সহপাঠী আল আমিন বলেন, ‘আমি আর সে (এনামুল) পাশাপাশি বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছি। খুবই শান্ত স্বভাবের ছিল এনামুল। ফল প্রকাশের পর কলেজে সবাই তার জন্য আফসোস করেছে।’
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেছেন, আসামিরা এলাকাছাড়া। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।