ফল জালিয়াতির অভিযোগের তদন্ত সম্পন্ন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত উপপরিচালকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া) নিয়োগে জালিয়াতি করে ফল পরিবর্তনের অভিযোগের বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। গত বুধবার অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সরেজমিনে এ তদন্ত করেন।
বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ব্রজ গোপাল ভৌমিক অভিযোগটির তদন্ত করেন। এ সময় তিনি আরজিনা খাতুনের কাছে অভিযোগের বিষয়টি সরাসরি শোনেন এবং তা লিখিত আকারে নেন। সেই সঙ্গে তিনি ওই নিয়োগ কমিটির সদস্যসচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত উপপরিচালক অভিযুক্ত রেজাউল করিমের মৌখিক ও লিখিত জবানবন্দি নেন। দুজনই তাঁদের বক্তব্যের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন।
তদন্ত শেষে ব্রজ গোপাল ভৌমিক বলেন, ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রণয়ন ও সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
গতকাল প্রথম আলোয় ‘জেলা পরিবার পরিকল্পনা বিভাগ: কর্মচারী নিয়োগে ফল জালিয়াতির অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।