ফল জালিয়াতি করেই বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা  

*তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা *কেন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে

রাজশাহীতে টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তির ফলাফল জালিয়াতির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

ওই প্রতিবেদনের আলোকে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, তৎকালীন বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী এবং অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সোনিয়া রওশনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এ ছাড়া কেন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না—এই মর্মে তাঁদের কাছে ৯ নভেম্বর থেকে ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ জুন ‘রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল জালিয়াতি’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর জুলাইয়ে রাজশাহীতে এসে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলাম তদন্ত করেন। তিনি ১৭ জুলাই মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সম্প্রতি এই প্রতিবেদনের একটি কপি প্রথম আলো পেয়েছে।

ওই প্রতিবেদনে নগরের বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তীকে এই মর্মে অভিযুক্ত করা হয়েছে, তিনি আর্থিক সুবিধার বিনিময়ে কম মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনে ১৭০ নম্বর পর্যন্ত বাড়িয়ে বৃত্তি ও এ-প্লাস পাইয়ে দিয়েছেন। তদন্তে এ রকম ৬৭ জন শিক্ষার্থীরপ্রাপ্ত নম্বর গরমিল করার সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে একটি বেসরকারি বিদ্যালয়ের ১৬ জনেরই নম্বর বাড়িয়ে বৃত্তি দেওয়ার ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে রাজশাহী নগরের শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৬ জন বৃত্তি পেয়েছে। এই প্রতিষ্ঠান থেকে এত বিপুলসংখ্যক শিক্ষার্থী এর আগে কখনো বৃত্তি পায়নি। এই ১৬ জনের মধ্যে ১৫ জনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং একজন সাধারণ গ্রেডে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ায় সুনাম প্রতিষ্ঠা এবং পরবর্তী বছরে ভর্তি বাড়ানোর লক্ষ্যে থানা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে এতসংখ্যক বৃত্তি দেওয়া হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

নগরের হোসেনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বালিকা) এক শিক্ষার্থীর প্রাপ্ত ৩৩১ নম্বরের সঙ্গে ১৭০ নম্বর যোগ করে এ-প্লাস ও সাধারণ গ্রেডে বৃত্তি পাইয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেনকে দিয়ে এ সময় বোয়ালিয়া থানা শিক্ষা কার্যালয়ের কাজ করানো হতো। তাঁর মাধ্যমেই থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী আর্থিক সুবিধার বিনিময়ে এই নম্বর জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন।

তদন্ত চলাকালে বোয়ালিয়া থানা শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সোনিয়ারওশনবলেছিলেন, ‘সব শিক্ষার্থীর নম্বর ফর্দ থানা শিক্ষা কর্মকর্তা নিজের কাছেসংরক্ষণ করতেন এবং সার্বক্ষণিক পাশে বসে বলতেন আর আমি কম্পিউটারে এন্ট্রি করেছি।’ সোনিয়া আরও বলেন, ‘থানা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা মোতাবেক কিছু কোডের বিপরীতে অধস্তন কর্মচারী হিসেবে আমি কিছু নম্বর সংশোধন করি। কম্পিউটারে এন্ট্রিকৃত নম্বর ও নম্বর ফর্দের নম্বর থানা শিক্ষা কর্মকর্তাই যাচাই করেছেন এবং এ কাজের সম্মানীও তিনি নিয়েছেন।’

তদন্ত প্রতিবেদনে জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমের মেয়ের প্রাপ্ত নম্বরের সঙ্গে ১২ নম্বর যোগ করে ট্যালেন্টপুলেবৃত্তি পাইয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নম্বর ফর্দ এবং সমাপনী পরীক্ষার গোপনীয় কাগজপত্র ও কম্পিউটার থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তীর কক্ষে তাঁর নিয়ন্ত্রণে রাখা ছিল। নম্বর টেম্পারিংয়ের কাজটি তৃতীয় কারও পক্ষে করা সম্ভব ছিল না। তবে তদন্ত প্রতিবেদনের সার্বিক মন্তব্যে বলা হয়েছে, জেলা শিক্ষা কর্মকর্তার দ্বারা নির্দেশিত অথবা প্রভাবিত হয়ে থানা শিক্ষা কর্মকর্তা এই অনিয়ম করেছেন বলে প্রমাণিত হয়েছে।

তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে পরীক্ষার্থী হওয়ায় নীতিমালা অনুযায়ী তিনি পরীক্ষা-সংক্রান্ত কোনো দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ না থাকায়, মহানগর পরীক্ষা পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তাকে পরীক্ষা-সংক্রান্ত সব দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘থানা শিক্ষা কর্মকর্তা তাঁর অপকর্মের সঙ্গে আমাকে জড়ানোর জন্য আমার অজ্ঞাতেই আমার মেয়ের নম্বরের সঙ্গে ১২ নম্বর যোগ করে দিয়েছেন।’

যোগাযোগ করলে থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী বলেন, ‘একটি সমাপনী পরীক্ষার সঙ্গে অনেকেই যুক্ত থাকেন। এটা একার কোনো কাজ নয়। কে দোষী তা বিচারেই প্রমাণিত হবে।’