ফল পেয়ে সেই এনামুলের পরিবারে শুধুই কান্না
দরজির দোকানে কারিগরের কাজ করে নিজের ও তিন ভাইবোনের লেখাপড়া আর সংসারের খরচ চালাতেন এনামুল হক (১৯)। বহু কষ্টে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার ফল বেরিয়েছে। এনামুল পাস করেছেন, কিন্তু ফল দেখে যেতে পারেননি। ফল জানার পর তাঁর পরিবারের সদস্যরা শুধুই কাঁদছেন।
এনামুল হকের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জলিলপুরে। গ্রামের পাশের কাঠাখালিবাজারে জুয়া খেলতে বাধা দেওয়ায় গত ১৯ জুলাই রাতে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহন হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান এনামুল।
এনামুল হক এবার সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.১৭ পেয়ে পাস করেছেন।
এনামুলের বাবা আবদুল মান্নান বলেন, ‘ছেলেটা থাকলে কত খুশি অইত। এখন এই পাস দিয়া আমরা কী করব। ছেলেটারে নির্মমভাবে পিটাইয়া মারল। থানায় মামলা করলাম, এক মাস অইল একটা আসামিও ধরা পড়ল না। এই কষ্ট কারে বলব।’ বিশ্বম্ভরপুর থানার ওসি সহিদুর রহমান বলেছেন, আসামিরা এলাকা ছাড়া। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।