জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ফল প্রকাশে অনিয়মের অভিযোগ তুলে ওই অভিযোগ তদন্তে কমিটি গঠন এবং এই ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
গতকাল মঙ্গলবার জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন বাদ পড়া শিক্ষার্থীদের অভিভাবকেরা।
গতকাল দুপুর সাড়ে ১২টায় ওই সংবাদ সম্মেলন হয়। সেখানে এক শিক্ষার্থীর বাবা আবদুর রশিদ লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘গত শনিবার ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। সেখানে মেধাতালিকায় ১২০ জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পায়। কিন্তু পরদিন বিদ্যালয় কর্তৃপক্ষ ওই মেধাতালিকা পরিবর্তন করে আরেকটি নতুন তালিকা প্রকাশ করে। এতে আগের মেধাতালিকায় থাকা ২৪ জন শিক্ষার্থী বাদ পড়ে। ওই তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি জানার পর থেকে তারা কান্নাকাটি করছে। অনেকেই খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে। এতে আমরা অভিভাবকেরা আতঙ্কের মধ্যে রয়েছি।’
আবদুর রশিদ অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ওরফে নয়ন ও প্রধান শিক্ষক সুলতানা রাজিয়ার যোগসাজশে ওই নতুন মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।’ ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি বাদ পড়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার দাবিও জানান।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বেলা তিনটায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, ‘নিয়ম অনুযায়ী আমি পরের তালিকা প্রকাশ করেছি। সেখানে কোনো অনিয়ম হয়নি। এখানে নিয়মের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।’
গত শনিবার ওই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রভাতি (সকাল) শাখায় ৩৭৬ জন ও দিবা শাখায় ৩৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। ওই রাতেই দুই শাখায় ৬০ জন করে ১২০ জন পরীক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু পরদিন ওই তালিকা পরিবর্তন করে আরেকটি নতুন তালিকা প্রকাশ করা হয়। এতে আগের তালিকা থেকে ২৪ জন পরীক্ষার্থী বাদ পড়ে।